বাংলাদেশ পুলিশ খেলাধুলার ক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং অতীতের গৌরব ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দের সাফল্যের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সেই ঐতিহ্য পুনরুদ্ধারে পুলিশ সদস্যদের খেলাধুলা ও শরীরচর্চায় আরও উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশিং একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। এ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের প্রশংসা করে আইজিপি বলেন, নিয়মিত অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।
ফাইনালে সিলেট রেঞ্জ ফুটবল দল ১-০ গোলে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। ম্যাচে সিলেট রেঞ্জের জীবন ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং একই দলের আমিরুল ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
পরে আইজিপি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে আইজিপি পূর্বাচলের পিওএইচএস-১ আবাসিক এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন ‘পিওএইচএস গ্রিন মার্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

