গাজীপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি (পুরুষ) পদে নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে শুরু হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিনে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও ঝালকাঠি জেলার প্রার্থীরা অংশ নেন।
কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের মধ্যেও শারীরিক মাপজোক, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক বাছাই কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে।
নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে বাহিনীর গোয়েন্দা সদস্যরা প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ না থাকে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মেধা, যোগ্যতা এবং শারীরিক সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

