অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দুই দশকের অংশীদারিত্ব আরও জোরদার, মানবপাচার প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর সাইবার মানবপাচার মোকাবিলা, নিরাপদ অভিবাসন এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (Integrated Border Management-IBM) বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ড. লরা টম-বন্ড জানান, আইওএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন এবং ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী তাঁকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (IBM) কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি পুলিশ স্পেশাল ব্রাঞ্চসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আইওএমের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া মানবপাচার প্রতিরোধে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ একমত হয়।

উল্লেখ্য, বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আইওএমের ন্যাশনাল কনসালটেন্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন