সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢাকায় ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রাজধানীর ভেতরে চলাচলের সময় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের বিশেষ ‘মুভমেন্ট এসকর্ট’ বা নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের সীমিত জনবল ও যানবাহনকে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার কাজে আরও কার্যকরভাবে ব্যবহার করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে সরকারি বা ব্যক্তিগত সফরে প্রয়োজন অনুযায়ী তাদের নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে এখন কেবল ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা পুলিশের এসকর্ট সুবিধা পাবেন। দায়িত্বের গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় এ সুবিধা তাদের জন্য বহাল রাখা হয়েছে।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, একজন মন্ত্রীর এসকর্ট দলে সাধারণত একজন উপ-পরিদর্শক (এসআই) এবং চারজন কনস্টেবল দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে একটি পুলিশ পিকআপ ভ্যানও থাকে। নতুন সিদ্ধান্তের ফলে প্রায় ৯০ জন পুলিশ সদস্য এবং একাধিক প্রটোকল যানবাহন মন্ত্রীদের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, টহল ও অপরাধ দমন কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে। একই সঙ্গে প্রটোকল গাড়ির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সংশ্লিষ্ট সূত্র বলছে, এই সিদ্ধান্তের পেছনে একক কোনো কারণ নেই। সরকারের কৃচ্ছ্রসাধন কর্মসূচি, জ্বালানি ব্যয় কমানোর উদ্যোগ, পুলিশের দীর্ঘদিনের যানবাহন ও জনবল সংকট এবং ভিআইপি প্রটোকলের বহর সীমিত করার নীতিগত অবস্থান—সবকিছু বিবেচনায় নিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এতে একদিকে যেমন সরকারি ব্যয় কমবে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতাও বাড়বে।

সূত্রগুলো আরও জানায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বহরও আগের তুলনায় ছোট করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে ব্যয় সাশ্রয় ও প্রটোকল সরলীকরণের যে নীতি অনুসরণ করা হচ্ছে, ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার তারই ধারাবাহিকতা। একই সঙ্গে রাজধানীর সড়কে প্রটোকল বহর কমে আসায় যানজটও কিছুটা হ্রাস পেতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো স্পষ্ট করেছে, এসকর্ট প্রত্যাহার করা হলেও মন্ত্রীদের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়া হয়নি। সরকারি বিধান অনুযায়ী গানম্যান, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সফরের সময় প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা ও প্রটোকল আগের মতোই কার্যকর থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন