বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

থার্ড টার্মিনাল চালু হলে বাড়বে যাত্রীসেবা ও ধারণক্ষমতা: বেবিচক চেয়ারম্যান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার এভিয়েশন খাতভিত্তিক সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এসময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

বেবিচক চেয়ারম্যান বলেন, নতুন টার্মিনাল চালু হলে শুধু যাত্রী ধারণক্ষমতাই বাড়বে না, একই সঙ্গে আন্তর্জাতিক মানের যাত্রীসেবাও নিশ্চিত করা সম্ভব হবে। থার্ড টার্মিনালে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, অটোমেটেড কাস্টমস সুবিধা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার সংযোজন করা হচ্ছে। এর ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না এবং ইমিগ্রেশন ও লাগেজ প্রসেসিং আরও দ্রুত হবে।

তিনি জানান, নতুন টার্মিনালে মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা রাখা হয়েছে। এতে বিমানবন্দর এলাকায় যানবাহনের চাপ ও দীর্ঘদিনের ট্রাফিক জট অনেকাংশে কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

নেটওয়ার্ক কাভারেজ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ নিয়ে বড় কোনো সমস্যা নেই। প্রয়োজনে রিপিটার স্থাপনের মাধ্যমে কাভারেজ আরও শক্তিশালী করা হবে।

এভিয়েশন খাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয় তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্ধ থাকা বিমানবন্দরগুলোও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর এবং লালমনিরহাট বিমানবন্দর-সহ আটটি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে নতুন গতি আসবে। বিশেষ করে আন্তর্জাতিক যাত্রীসেবা, ট্রানজিট সুবিধা, কার্গো পরিবহন এবং পর্যটন খাতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পকে দেশের অন্যতম বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি পুরোপুরি চালু হলে বছরে কয়েক কোটি যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন