সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত তেলের বিক্রি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ফলে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপি–এর খবরে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এই জ্বালানি কোম্পানিটি সৌদি স্টক এক্সচেঞ্জ–এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মোট আয় হয়েছে ৪৩৩ দশমিক ১০ বিলিয়ন সৌদি রিয়াল, যা প্রায় ১১৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
গত বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৪০৫ দশমিক ৬৫ বিলিয়ন সৌদি রিয়াল বা প্রায় ১০৮ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।
আরামকো জানিয়েছে, পরিশোধিত জ্বালানি ও রাসায়নিক পণ্যের বিক্রি এবং মূল্য বৃদ্ধির পাশাপাশি অপরিশোধিত তেলের বিক্রিও বেড়েছে। এর ফলে কোম্পানিটির রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

