চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০০ মিটার বৈদ্যুতিক তারসহ মো. সোহেল (২৮) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। পরে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর মেইন গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আনসার সূত্রে জানা যায়, দায়িত্ব শেষে ক্যাম্পে ফেরার পথে আনসার সদস্য নিত্যানন্দন ও মো. মিজানুর রহমান এক যুবকের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাকে আটক করেন আনসার সদস্যরা।
তল্লাশিতে তার ও সরঞ্জাম উদ্ধার
আটক যুবক সোহেলের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ১০০ মিটার ‘৬ আর এম প্রাইমারি ক্যাবল’ তার, তার কাটার প্লাস এবং দুটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সোহেল জানান, তিন দিন আগে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানের তারগুলো কেটে লুকিয়ে রেখেছিলেন। শনিবার ভোরে সেগুলো সরিয়ে নিতে এসেছিলেন তিনি।
ছয় মাসের কারাদণ্ড
ঘটনাটি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জ পিসি মো. ফখরুল ইসলামের মাধ্যমে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আটক সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সম্পদ রক্ষায় আনসার সদস্যদের পেশাদারিত্ব ও সতর্কতার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

