শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গণনৃশংসতার ঘটনায় ভেটো প্রয়োগ সীমিতের ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার প্রয়োগে সংযম আনতে ফ্রান্স ও মেক্সিকোর নেওয়া উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদ জোরদার করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

ভেটো প্রয়োগে সংযমের উদ্যোগ

বৈঠককালে খলিলুর রহমান জানান, গণনৃশংসতার সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া ফরাসি-মেক্সিকান উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ।

এই উদ্যোগের লক্ষ্য হলো, বড় ধরনের নৃশংসতার ঘটনায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন দেখা দিলে নিরাপত্তা পরিষদ যেন অচল হয়ে না পড়ে। এ জন্য এমন পরিস্থিতিতে স্বেচ্ছায় ভেটো প্রয়োগ থেকে বিরত থাকার বিষয়ে স্থায়ী সদস্যদের সংযম প্রদর্শনে উৎসাহিত করা হয়।

উদ্যোগটি এগিয়ে নিতে এবং এর পক্ষে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে জাতিসংঘ সাধারণ পরিষদে নিজেদের প্রচেষ্টা কীভাবে সমন্বিত করা যায়, তা নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।

রোহিঙ্গা সংকট ও জবাবদিহিতা

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আলোচনায় আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদারের বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের অভিন্ন আগ্রহও প্রতিফলিত হয়েছে।

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আলোচনা

বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন