সাভার-আশুলিয়ার ৭ কারখানার মধ্যে ৫টিতে উৎপাদন শুরু; গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং মজুরি ঘোষণার পরও গতকাল আন্দোলন অব্যাহত রাখেন বেশ কিছু কারখানার শ্রমিক। তবে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শান্তিপূর্ণভাবে কাজে ফিরতে শুরু করেছেন শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
মজুরি বৃদ্ধির পরও গতকাল শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে শিল্পাঞ্চলের অন্তত ৬০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। আজ সকালেও শিল্পাঞ্চলের সাতটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় শিল্পসংশ্লিষ্টদের মধ্যে।
তবে সকাল ১০টার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বিশেষ করে কর্মবিরতি পালন করা সাতটি কারখানার মধ্যে পাঁচটির শ্রমিকরা উৎপাদন কার্যক্রম শুরু করেন। বাকি দুটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করলেও সেগুলোর শ্রমিকরাও আগামী শনিবার থেকে পুরোদমে উৎপাদন কার্যক্রমে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন।
স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল
শিল্প পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক। বিশেষ করে সকালে যেসব শ্রমিক কর্মবিরতি পালন করছিলেন, তারা এখন কাজে ফিরেছেন। এটি ইতিবাচক লক্ষণ। আশা করছি, আগামী সপ্তাহ থেকে শিল্পাঞ্চল তার পুরোনো ব্যস্ততায় ফিরে যাবে।
তিনি আরও বলেন, যেসব কারখানা এখনো শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে, সেগুলোও খুব শিগগির চালু হবে বলে আশা করছেন তারা।
এদিকে দুপুর পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় শিল্প পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে সাভার-আশুলিয়ার অন্তত সাতটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা
অন্যদিকে, শ্রমিকদের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল পোশাকশ্রমিক। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা
উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে কাজ করছে।

