জরাজীর্ণ অবকাঠামোর বিষয়টি জানিয়ে দ্রুত সংস্কারের অনুরোধ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের; স্বল্পতম সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
হলটির সংস্কারে প্রয়োজনীয় প্রক্রিয়া স্বল্পতম সময়ে শেষ করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
জরাজীর্ণ অবকাঠামোর বিষয়টি তুলে ধরেন প্রতিনিধিরা
সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সলিমুল্লাহ মুসলিম হলের জরাজীর্ণ অবকাঠামোর বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান।
এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘সলিমুল্লাহ মুসলিম হল একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী হল। এর সংস্কার কার্যক্রম দ্রুত করবে সরকার। এ বিষয়ে সার্বিক প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’
প্রতিনিধিদলে যারা ছিলেন
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জাকির আহমেদ খান, সিনিয়র সহসভাপতি মো. সাহাব উল্লাহ, সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ ও কে এম মোজাম্মেল হক।

