আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া কামনা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় সরকারের পাশে থাকতে হবে।
পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ইসলামী শিক্ষায় ফরিদাবাদ মাদ্রাসার অবদান
ধর্মমন্ত্রী বলেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ফরিদাবাদ মাদ্রাসা দেশের ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)সহ সাবেক দায়িত্বশীল আলেমদের অবদানও স্মরণ করেন তিনি।
এ সময় মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের খেদমতের প্রশংসা করেন ধর্মমন্ত্রী।
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির পরিকল্পনা
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন
ইসলামী শিক্ষার বিকাশ এবং কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন ধর্মমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাঁকে পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাওফিক দান করেন।
নিজের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান ধর্মমন্ত্রী। বক্তব্যের শেষ পর্যায়ে জামিয়া ফরিদাবাদের সম্মেলনের সাফল্য, দেশের কওমি মাদ্রাসাগুলোর উন্নতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন তিনি।

