এএস-৫৩২ কুগার সিরিজের হেলিকপ্টারটি এসকিশেহির প্রদেশে বিধ্বস্ত হয়; দুর্ঘটনার কারণ জানা যায়নি
তুরস্কে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আমাদের পাঁচজন বীর সহযোদ্ধা নিহত হয়েছেন।’
যে এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এ মডেলের হেলিকপ্টার সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে এটি ভূপাতিত হয়।
তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থলের বিশাল খোলা প্রান্তরে জরুরি পরিষেবার যানবাহন অবস্থান করতে দেখা গেছে।
১২ দিনের ব্যবধানে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানায়নি।
এর আগে, মঙ্গলবারের ঘটনার ১২ দিন আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-৭০ সিরিজের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চার সেনা সদস্যের সবাই নিহত হন। সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।
তুরস্কের সামরিক বাহিনী
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য দেশটির বাহিনী আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে।
কুর্দি বিদ্রোহের অবসানের পর থেকে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে এ বিদ্রোহের সমাপ্তি ঘটে।

