ইসলামী ব্যাংকিং খাতে তারল্য ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে উদ্যোগ
শরিয়াহসম্মত বিনিয়োগ উপকরণের ঘাটতি দূর করা, ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং এ খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকায় বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পরিকল্পিত সুকুক ইস্যুর মাধ্যমে ব্যবসা ও অবকাঠামো খাতে অর্থায়নের সুযোগ বাড়বে। পাশাপাশি দেশের ইসলামী অর্থায়নের বাজার আরও শক্তিশালী হবে।
তিনি জানান, বর্তমানে বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক ০৪ শতাংশ। আন্তর্জাতিক ইসলামী অর্থায়নের বাজারের তুলনায় বাংলাদেশের অবস্থান যে পিছিয়ে, এ পরিসংখ্যান তা তুলে ধরে।
ডেপুটি গভর্নর বলেন, ‘সুকুক এমন একটি গুরুত্বপূর্ণ অর্থায়ন উপকরণ, যার মাধ্যমে আমাদের শিল্প ও ব্যবসার বিকাশের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনও সম্ভব।’
দেশীয় অর্থায়নের উৎস শক্তিশালী করার তাগিদ
ডেপুটি গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতিতে বিভাজন বাড়ার প্রেক্ষাপটে বিদেশি অর্থায়ন আরও ব্যয়বহুল হয়ে উঠছে এবং কঠোর শর্ত আরোপ করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশীয় অর্থায়নের উৎসগুলো শক্তিশালী করা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
শরিয়াহসম্মত আর্থিক উপকরণের সীমিত প্রাপ্যতার কারণে ইসলামী ব্যাংকিং খাতে বিনিয়োগের সুযোগ ও তারল্য ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হচ্ছে। পরিকল্পিত সুকুক ইস্যুর মাধ্যমে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
আমানতকারীদের সুরক্ষায় পাঁচ ইসলামী ব্যাংক একীভূত
আমানতকারীদের সুরক্ষা, সুশাসন জোরদার এবং ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে বৃহত্তর পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করেছে বাংলাদেশ ব্যাংক বলে জানান ডেপুটি গভর্নর।
তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা, প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত এবং ইসলামী ব্যাংকিং খাতের প্রতি আস্থা কমে যাওয়ার জন্য দায়ী সুশাসনের দুর্বলতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া নীতি, আইন ও কাঠামোগত সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে বলেও জানান তিনি।
পৃথক ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নের উদ্যোগ
শক্তিশালী ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ কাঠামোর আলোকে পৃথক ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রণমূলক বিধিবিধানের প্রয়োগে সামঞ্জস্য এবং ইসলামী নীতিমালা পরিপালন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে পৃথক ইসলামী ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ এবং একটি কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করেছে।
এ ছাড়া মুরাবাহা, বাই এবং হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলক (এইচপিএসএম)সহ ইসলামী অর্থায়নের গুরুত্বপূর্ণ উপকরণগুলোর পরিচালনসংক্রান্ত নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে।
অর্থায়ন পণ্যের সংস্কারের পাশাপাশি অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষার পদ্ধতি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণসংক্রান্ত নির্দেশিকা সংশোধন করা হচ্ছে। দুর্বলতা চিহ্নিত ও দূর করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিদর্শনও চালানো হচ্ছে।
ডেপুটি গভর্নর সতর্ক করে বলেন, ‘ইসলামী ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।’
এসএমই ও কৃষি খাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান
অল্প কয়েকটি বড় করপোরেট গ্রুপের হাতে ব্যাংকিং খাতের অর্থায়ন কেন্দ্রীভূত হওয়ার সমালোচনা করেন ডেপুটি গভর্নর। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি খাত এবং গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়াতে হবে ইসলামী ব্যাংকগুলোকে।
করপোরেট কেন্দ্রগুলোর গণ্ডি পেরিয়ে প্রাতিষ্ঠানিক ঋণসুবিধা থেকে বঞ্চিত বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, উৎপাদনশীল খাত ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অর্থায়ন বাড়ানোর মাধ্যমে ঋণের বৈচিত্র্য আনলে বড় করপোরেট ঋণগ্রহীতাদের কাছে ঋণ কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি কমবে। পাশাপাশি আরও স্বচ্ছ, আস্থাযোগ্য ও টেকসই ইসলামী ব্যাংকিং খাত গড়ে তুলতেও তা সহায়ক হবে।

