যুক্তরাষ্ট্রের অবরোধকে সামরিক আগ্রাসনের শামিল উল্লেখ করে আত্মরক্ষায় যেকোনো উপায় ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছে তেহরান। ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।
হরমুজ প্রণালী অবরুদ্ধ করার পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ইরান।
তেহরান থেকে বার্তা সংস্থা জানিয়েছে, সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই এই পদক্ষেপ সহ্য করব না এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব।’
যুদ্ধের সূত্রপাত ও হরমুজ সংকট
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়।
পরবর্তী সময়ে ইরান আঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নেয়। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হয়।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবরোধে ইরানের ধারাবাহিক পদক্ষেপের কারণে জলপথটি সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়।
এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা নৌ অবরোধ জারি করে। পরে ওয়াশিংটন একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ স্থলপথের রুটগুলো বিচ্ছিন্ন করতে একটি বিশেষ টাস্কফোর্স চালু করে।
আত্মরক্ষার অধিকার দাবি তেহরানের
যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সামরিক আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, আমেরিকানরা যাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং নৌ অবরোধ হিসেবে বর্ণনা করেছে, তা নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে একটি সামরিক আগ্রাসনের শামিল।’
তিনি আরও বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরানের হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে।
এদিকে তেহরানের নিষিদ্ধ ঘোষণা করা নৌপথ ব্যবহারের চেষ্টা করার সময় জাহাজে আগুন লাগার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি ঘোষণা দিয়েছে ইরানি বাহিনী।
কূটনৈতিক প্রচেষ্টা স্থবির
সংকটের স্থায়ী সমাধানের পথ হিসেবে জুনে প্রণীত চুক্তিটি ভেস্তে যাওয়ার পর থেকে এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে।
ইরান জানিয়েছে, অবরোধ তুলে নেওয়াসহ ওয়াশিংটন তাদের দাবিগুলো মেনে নিলে মাত্র দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব।
বাঘাই বলেন, ‘আমেরিকান পক্ষ যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তবে দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালী এবং এই অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।’

