প্রকৃত কৃষকের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছানোর নির্দেশ, সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি
কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, কোনো কৃষক যেন সার পাওয়া থেকে বঞ্চিত না হন। সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষক হয়রানির ঘটনা ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি সচিব।
সার মজুত ও বিতরণে নিয়মিত নজরদারির নির্দেশ
সভায় কৃষি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেন। তিনি বলেন, প্রকৃত কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সার পরিবহন ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সভায় রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।
সার ডিলারের গুদাম পরিদর্শন, কথা বলেন কৃষকদের সঙ্গে
সভা শুরুর আগে সকাল ৯টায় কৃষি সচিব রংপুর মেট্রোপলিটন এলাকায় বিসিআইসির তিনটি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। এ সময় সার কিনতে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।
উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা
কৃষকদের সুবিধা এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে বলে জানান কৃষি সচিব। তিনি বলেন, এ অঞ্চলের মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানি করতে পারবেন।
এ সময় কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা যেসব সুবিধা ও সেবা পাবেন, সেগুলোও তাঁদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

