ভোগড়া বাইপাসে প্রাইভেটকার তল্লাশি করে এক লিটার পেট্রোল জব্দ; পুলিশের দাবি, মহাসড়কে যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোল নিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নাহিদ সরকার (৩৩) ও মো. আপন (১৮)। পুলিশের দাবি, মহাসড়কে চলাচলকারী যানবাহনে অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা।
পুলিশ জানিয়েছে, নাহিদ এলাকায় রাতুল নামে পরিচিত। তিনি গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। এ ঘটনায় তাদের সহযোগী মাহিম (১৮) পালিয়ে গেছেন।
চেকপোস্টে তল্লাশি, বোতলে মিলল পেট্রোল
বাসন থানা পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় আসকর আলী পেট্রোল পাম্পের কাছে সার্ভিস লেনে চেকপোস্ট বসায় পুলিশের একটি দল। এ সময় নাওজোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িতে থাকা একটি পানির বোতল থেকে প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়।
আওয়ামী লীগ নেতার নির্দেশে নাশকতার প্রস্তুতির অভিযোগ
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিজেদের মালিকানাধীন আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে মহাসড়কে চলাচলকারী যানবাহনে আগুন দেওয়া এবং টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের। তবে অগ্নিসংযোগের আগেই পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনে মামলা
পুলিশ জানায়, গ্রেফতার দুজন এবং পলাতক মাহিমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বাসন থানায় মামলা হয়েছে। মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬, ৮(৩), ১০, ১১ ও ১২ ধারা উল্লেখ করা হয়েছে।

