ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার
রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, এ কাজে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন।
পাঠ্যসূচিতে এক দলের ইতিহাস তুলে ধরা হয়েছিল
রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু রাখা হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।
হত্যার রাজনীতি আবার শুরু হয়েছে: রিজভী
সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানুষ সহাবস্থান চায় উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। হত্যার রাজনীতি তারা আবার শুরু করেছে।
রিজভী আরও বলেন, তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায়। এ ক্ষেত্রে ‘পঞ্চম বাহিনী’ ভারত থেকে ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ষড়যন্ত্রের অভিযোগ ডিএসসিসি প্রশাসকের
এদিকে, দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এই যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে এতে ইন্ধন দিচ্ছেন।

