নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে ট্যাংক মোতায়েন, ড্রোন ও বিমান হামলা; প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন বহু পরিবার
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। প্রাণ বাঁচাতে শরণার্থী শিবিরের উত্তরাঞ্চল ও অভিযানকবলিত এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু পরিবার।
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মধ্য গাজায় প্রথমবারের মতো বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।
নুসেইরাতে ট্যাংক মোতায়েন, বিমান হামলায় নিহত ১
গাজা থেকে আল জাজিরার সংবাদদাতারা জানান, বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরাইলি ট্যাংকের অবস্থান দেখা গেছে। এ সময় ড্রোন থেকে গুলিবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনাও ঘটে।
আল-আওদা হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, নুসেইরাত শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
নতুন অভিযানের ঘোষণা দেওয়ার আগেই গাজায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
‘ইয়েলো লাইন’ এলাকায় হুমকি নির্মূলের দাবি ইসরাইলের
বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করতে এ ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় তাৎক্ষণিক কোনো হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অভিযান ও সামরিক তৎপরতা চালানোর স্বাধীনতা তাদের রয়েছে।
২৪ ঘণ্টায় নিহত ৭, আহত ১৫
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে সাতজনের মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। এ সময় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে ছয়জন ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন। বাকি একজন আগের হামলায় আহত হয়ে পরে মারা যান।
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হামাসের
এদিকে গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সংগঠনটি জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার হুমকি ও বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে হামাস অভিযোগ করে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক মানুষকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে উঠছে।

