বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের নির্দেশ; বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সকালে গ্রেপ্তার হন হিরু
রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন
এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিন।
আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
এ ছাড়া জামিনে মুক্তি পেলে তাঁরা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বারিধারার বাসা থেকে গ্রেপ্তার হিরু
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করে এসআরবি।
মশাল মিছিল ঘিরে বনানী থানায় মামলা
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল মিছিল বের করে।
এজাহারে উল্লেখ করা হয়, মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।
এ ঘটনায় মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ জব্দ করা হয়। পরে এ ঘটনায় বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।
নজরুল ইসলাম হিরুর রাজনৈতিক পরিচয়
নজরুল ইসলাম হিরু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

