নাসিরাবাদ পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম; সম্প্রতি জব্দ করা হয়েছিল তার দুটি মোবাইল ফোন
‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে এসআরইউ।
নজরদারিতে ছিলেন, জব্দ করা হয় দুটি ফোন
সম্প্রতি জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছিল। এ সময় তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বুধবার বলেছিলেন, ‘তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তার দুটি মোবাইল জব্দ করা হয়েছে।’
তবে এসপি জাহাংগীরের বিরুদ্ধে কী অভিযোগ এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ডিআইজি।
জুলাই আন্দোলনের সময় ফেনীতে দায়িত্বে ছিলেন
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এসপি জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

