মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: জুবাইদা রহমান

নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী; প্রতিরোধযোগ্য রোগ নিয়ে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা ভুগছেন বলে মন্তব্য

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন লাখো নারী

ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে যথেষ্ট উৎসাহ দেওয়া হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত ও কঠোর পরিশ্রম প্রয়োজন।

স্বাস্থ্য গবেষণায় আরও বিজ্ঞানী প্রয়োজন

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান জুবাইদা রহমান।

বর্তমান সরকার দেশের তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত হতে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, দেশে আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং রোগ প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্বদরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করা সম্ভব।

এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন