রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও মহাসড়কে নিরাপত্তায় আনসারের চার প্লাটুন

নিয়মিত টহল-নজরদারির পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন সদস্যরা

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নিয়মিত দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশৃঙ্খলা প্রতিরোধ, জনসাধারণের নিরাপদ চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাঁরা টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি মানবিক সেবায়ও ভূমিকা রাখছেন সদস্যরা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) বিসিক শিল্পাঞ্চলে সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা।

দুর্ঘটনায় আহত পথচারীকে উদ্ধার

শনিবার নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী আহত হন। কাছেই অবস্থানরত আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় সহায়তা দিয়ে একটি গাড়ির মাধ্যমে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা।

আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক ভূমিকার প্রশংসা করেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন।

গুরুত্বপূর্ণ এলাকায় চার প্লাটুনের নিরাপত্তা কার্যক্রম

বর্তমানে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং, স্থির অবস্থানে নিরাপত্তা দায়িত্ব এবং শিল্পকারখানাকেন্দ্রিক বিশেষ নজরদারি পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি ভাতাভোগী সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার এবং নিজস্ব গোয়েন্দা সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিল্প উৎপাদন ও জননিরাপত্তায় নজরদারি

আনসার সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও কার্যকর নজরদারির ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার মাধ্যমে শিল্প উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় তাঁরা কাজ করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা, দিকনির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যদের উপস্থিতি স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানার কর্মী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহায়তায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসার মধ্য দিয়ে আনসার ব্যাটালিয়ন সদস্যরা তাঁদের পেশাগত দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিচ্ছেন। নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি জনসেবায় তাঁদের এ ভূমিকা বাহিনীর জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন