বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে সুখেরবাতি, দেড় বছরে গৃহহীন ৪০০ পরিবার

নদীগর্ভে গেছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুই হাজার একর ফসলি জমি, স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামটি ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। গত দেড় বছরের অব্যাহত ভাঙনে গ্রামটির প্রায় ৪০০ পরিবার বসতভিটা হারিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় দুই হাজার একর ফসলি জমি।

সরেজমিনে দেখা যায়, নদের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়া ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার অন্য গ্রামে চলে গেছে। কেউ কেউ বাধ্য হয়ে সড়ক ও বাঁধের ঢালে অস্থায়ী বসতি গড়েছে। অনেক কৃষক শেষ সম্বল রক্ষায় আধাপাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন।

অপরিকল্পিত জিও ব্যাগে মেলেনি সুফল

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধে অতীতে অপরিকল্পিতভাবে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তাতে কোনো সুফল পাওয়া যায়নি। ফলে অব্যাহত ভাঙনে একের পর এক বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গত দেড় বছরে প্রায় ৪০০ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

৬১০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বাসসকে বলেন, শুকনো মৌসুমে ভাঙন রোধে জরুরি কাজের জন্য কোনো বরাদ্দ নেই। তবে সুখেরবাতি গ্রামসহ রৌমারী উপজেলায় প্রায় ৬১০ কোটি টাকা ব্যয়ে ১৬ দশমিক ৩০৫ কিলোমিটার দীর্ঘ স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন