রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে দুই দিনে দুই সন্দেহভাজন আটক, উদ্ধার চোরাই মোবাইল

আনসার সদস্যদের সতর্কতায় চুরির চেষ্টা ব্যর্থ; মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় একজনকে আটক করা হয়। পরদিন শনিবার সকালে একই ওয়ার্ডের সামনে মোবাইল চুরির সময় আরেকজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সন্দেহজনক ঘোরাফেরা, আটক এক ব্যক্তি

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে চমেক হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মো. রাসেল (২৮)। সেবাগ্রহীতাদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে টহলরত আনসার সদস্য এপিসি মিঠুন মণ্ডল ও মো. আমিনুল ইসলাম তাঁকে আটক করেন।

হাসপাতালে অবস্থানের যৌক্তিক কারণ দেখাতে না পারায় পরে তাঁকে চমেক পুলিশ বক্সে সোপর্দ করা হয়।

মোবাইল চুরির সময় হাতেনাতে আটক

পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে একই ওয়ার্ডের সামনে মোবাইল ফোন চুরির সময় আর আমিন (২৫) নামে আরেক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন আনসার সদস্যরা। আনসার সদস্য নজরুল ইসলাম ও পলাশ তাঁকে আটক করার পাশাপাশি চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন।

এ সময় উত্তেজিত জনতার মারধর থেকে আটক ব্যক্তিকে রক্ষা করা হয়। পরে উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আনসার সদস্যদের ধারাবাহিক ও দায়িত্বশীল পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতারা। তাঁরা এ উদ্যোগের জন্য আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন