ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মালিকপক্ষের
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া আরও সাতটি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দিতে এসে ফটকে বন্ধের নোটিশ দেখে অনেক শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি স্থানে শ্রমিকদের জটলা পাকানোর চেষ্টাও দেখা গেছে।
শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ৪০ কারখানা
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “এ পর্যন্ত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর সাতটি পোশাক কারখানা আজকের (শনিবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”
শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন।
কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় কারখানার জানমাল ও নিরাপত্তা রক্ষার স্বার্থে শ্রম আইনের ১৩ (১) ধারা প্রয়োগ করে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।
বন্ধের তালিকায় যেসব কারখানা
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়্যান্স নিটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন
পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।”
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবুও কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে খোলা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে।”

