আইকিউএয়ারের হিসাবে দিল্লির বায়ুমান সূচক ৩৩৪, ভারতীয় সংস্থার হিসাবে ৪০৩
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। বায়ুদূষণের মাত্রায় পাকিস্তানের লাহোরকে পেছনে ফেলেছে শহরটি। প্রায় দুই কোটি মানুষের এই নগরী ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে। কমে এসেছে দৃশ্যমানতা, ব্যাহত হচ্ছে সড়কে যানবাহন চলাচল।
সাম্প্রতিক বছরগুলোতে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকে রয়েছে দিল্লি। গত সপ্তাহে দিওয়ালি উৎসবের পর শহরটির বায়ুমানের আরও অবনতি হয়েছে।
দিল্লির বায়ুমান ‘বিপজ্জনক’ পর্যায়ে
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৪। সংস্থাটির শ্রেণিবিন্যাসে এই মাত্রাকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) দিল্লির বায়ুমান সূচক রেকর্ড করেছে ৪০৩। সংস্থাটি এই অবস্থাকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। এ হিসাবে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে দূষণের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি।
সুইস ও ভারতীয় সংস্থার পরিসংখ্যানে পার্থক্যের কারণ হলো, বায়ুদূষণ পরিমাপ ও শ্রেণিবিন্যাসে তারা ভিন্ন সূচক ও পদ্ধতি ব্যবহার করে। সাধারণত বায়ুমান সূচক ৫০ বা এর নিচে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয় এবং স্বাস্থ্যঝুঁকি খুব কম থাকে।
লাহোরের দূষণ কমে সপ্তম স্থানে
আইকিউএয়ারের ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টার দিকে দিল্লির বায়ুমান সূচক কমে ২০৮-এ দাঁড়ায়। ওই সময় বিশ্বের দূষিত বড় শহরের তালিকায় লাহোর ছিল সপ্তম স্থানে। শহরটির বায়ুমান সূচক ছিল ১৫৫।
এর আগে টানা কয়েক দিন বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে ছিল লাহোর। তবে শহরটির দূষণের মাত্রা কমে আসায় দিল্লি শীর্ষস্থান দখল করে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশ করা ভিডিওতে দিল্লির সড়কগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে থাকতে দেখা গেছে। এর মধ্যেই গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে। ধোঁয়াশার কারণে প্রধান সড়কের বাতিগুলোও অস্পষ্ট হয়ে পড়েছে।
শীতকালে বাড়ে বায়ুদূষণ
শীতকালে ভারতের উত্তরাঞ্চল ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ বেড়ে যায়। এ সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং কৃষিজমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে। ফলে দূষিত পদার্থ সহজে ছড়িয়ে পড়তে পারে না।
লাহোরে পিএম ২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের আট গুণ
পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভের (পিএকিউআই) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে লাহোরের বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫-এর গড় ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশক মানের আট গুণ ছিল।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে লাহোরে পিএম ২.৫-এর গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১২৬ মাইক্রোগ্রাম। নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে এমন ৪০ দিনের প্রতিদিনই শহরটিতে জাতীয় পরিবেশগত মানদণ্ডের ২৪ ঘণ্টার নির্ধারিত সীমা অতিক্রম করেছে দূষণের মাত্রা। তবে ২০২৫ সালের একই সময়ের তুলনায় গড় ঘনত্ব ১১ শতাংশ কম ছিল।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সম্ভাব্য ঘটনার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পাঞ্জাবজুড়ে ১৮ হাজারের বেশি অগ্নিকাণ্ড শনাক্ত
স্যাটেলাইটের মাধ্যমে পাঞ্জাবজুড়ে ১৮ হাজার ৮২৫টি অগ্নিকাণ্ড শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশকে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সম্ভাব্য ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি আগুন শনাক্ত হয় ১ নভেম্বর। ওই দিন ১ হাজার ১০২টি ঘটনার তথ্য পাওয়া যায়।
তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সঙ্গে শহরের বায়ুদূষণের সম্পর্ক থাকলেও দূষণের জন্য এর সুনির্দিষ্ট অবদান কতটা, তা নিশ্চিত হওয়া যায়নি। বাতাস স্থির থাকা এবং বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার গতি কমে যাওয়াও দূষণ জমে থাকার অন্যতম কারণ।

