শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী

২০২৭ সালের জানুয়ারি থেকে ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ কেন্দ্র ঘিরে উন্নয়ন কার্যক্রম শুরুর লক্ষ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের শেষ নাগাদ বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে যাচ্ছেন। এর মাধ্যমে ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশের প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ কেন্দ্র ঘিরে সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের পথ সুগম হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ডিসেম্বরে ঢাকায় প্রস্তাবিত বাংলাদেশ ফেস্টিভ্যাল চলাকালে মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচ দিনব্যাপী উৎসবটি ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে যাবে প্রস্তাব

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মহাপরিকল্পনার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরুর লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির কাছ থেকে যাচাইকৃত মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার আশা করছে বিটিবি।

মহাপরিকল্পনায় ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র

জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে এতে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।

মহাপরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ বা আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র ঘিরে অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রূপরেখায় সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ, ক্রুজ এবং মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া বিনিয়োগ আকর্ষণে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।

পর্যটন খাতের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও রয়েছে।

জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরুর পরিকল্পনা

২০২৭ সালের জানুয়ারি থেকে অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ কেবল হোটেল, রিসোর্ট ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ নয়। জানুয়ারি থেকেই এতে উল্লেখ করা বিভিন্ন কার্যক্রম শুরু করাই লক্ষ্য।

প্রাথমিক কার্যক্রমের মধ্যে রয়েছে পর্যটন গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের অংশীদারদের মধ্যে সমন্বয়।

মহাপরিকল্পনায় বাস্তবায়ন কাঠামোরও প্রস্তাব করা হয়েছে। এতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের বিকল্প উৎস, প্রকল্পের অগ্রাধিকার এবং তদারকি ব্যবস্থা নির্ধারণের বিষয়গুলো রয়েছে।

পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করতে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুপারিশ করা হয়েছে।

পর্যটন উন্নয়নে সরকারের পরিকল্পনা

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা তৈরি করছে।

তিনি বলেন, সরকার পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করেছে। মহাপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। এ ছাড়া দেশের আতিথেয়তা খাতের জনবলকে দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে।

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংসদে জানান, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করছে সরকার।

তিনি আরও জানান, কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

কার্যকর বাস্তবায়নের দাবি শিল্পসংশ্লিষ্টদের

পর্যটন শিল্পের অংশীজনরা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী পর্যটন প্রতিষ্ঠান, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।

টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা ও সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন ও উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন