শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিতের দাবি; নতুন হামলা হলে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় ও আধাসরকারি সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়েছে।

আধাসরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, ইরানের কোস্তাক অঞ্চলের সিরিক উপকূলে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনটির একটি ছবিও প্রকাশ করেছে ইরনা। ছবিতে সেটিকে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখা গেছে।

সামুদ্রিক সীমান্ত রক্ষায় কঠোর বার্তা

ড্রোন ভূপাতিতের দাবি জানিয়ে ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে তারা এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিরিক অঞ্চলে ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে মার্কিন সেনারা হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাল্টা জবাব হিসেবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান।

ওই রাডার ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন হামলার আগাম সতর্কতা পাওয়া যেত বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রকে আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

বাহরাইনে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে কোনো আগ্রাসন চালালে অত্যন্ত বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক হামলার মাধ্যমে তার জবাব দেওয়া হবে।

ভাহিদি আরও বলেন, শত্রুদের বারবার পরাজয় থেকে শিক্ষা নেওয়া উচিত। অন্যথায় তাদের আরও বড় ধরনের শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন