প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের আহ্বান; বিসিকের ৮৪ শিল্পনগরীর কার্যক্রম পর্যালোচনার নির্দেশ
বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধান, উৎপাদন বাড়ানো, যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট করপোরেশনগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির নবম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ
বৈঠকে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীন ৮৪টি শিল্পনগরীর কার্যক্রম পর্যালোচনা করা হয়। যেসব শিল্পপ্লটে উৎপাদন বন্ধ রয়েছে অথবা কাঙ্ক্ষিত মাত্রায় চলছে না, সেগুলোর সমস্যা ও কারণ চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
লোকসানি শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিতের সুপারিশ
বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং বিসিকের অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, লাভ-লোকসান, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএসইসির অধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পর্যালোচনা করে লোকসানের কারণ চিহ্নিত এবং তা কমাতে প্রতিষ্ঠানভিত্তিক কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকানা ও মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন, অব্যবহৃত জমি ও সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
চিনিকল চালু ও আখের উৎপাদন বাড়ানোর তাগিদ
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অধীন বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর সম্ভাবনা, আখের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আখ চাষে উৎসাহিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
দেশের চিনির চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, উপ-হিসাব মহানিয়ন্ত্রক, বিসিকের চেয়ারম্যান, বিএসইসির চেয়ারম্যান, বিএসএফআইসির চেয়ারম্যান এবং শিল্প মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

