ইউপি নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তারের বিরোধে হামলা, ককটেল বিস্ফোরণ; আহত অন্তত ১০
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের পিকআপ লক্ষ্য করেও কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সকাল পর্যন্ত চলে হামলা-পাল্টা হামলা
এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন হলেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তির অভিযোগ
গুলিবিদ্ধ দিদার ঢালী জানান, বুধবার রাতে নোয়াদ্দা এলাকায় একটি ড্রেজারের পাশে তাঁরা কয়েকজন কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার সমর্থকেরা সেখানে গিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন। এতে তিনি ও আরও চারজন গুলিবিদ্ধ হন।
পরে এ ঘটনার জেরে ইউনিয়নের অন্য গ্রামগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হন।
পুলিশের পিকআপ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
এ বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের পিকআপ লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

