বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কলকাতায় মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

উড্ডয়নের প্রস্তুতির সময় শৌচাগারের আয়নায় হুমকির বার্তা, তল্লাশিতে মেলেনি সন্দেহজনক কিছু

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত একটি বার্তা দেখতে পান সংশ্লিষ্টরা। খবর এনডিটিভির।

উড্ডয়নের আগে নজরে আসে হুমকি

প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, তখন শৌচাগারের আয়নায় লিখে রাখা হুমকির বার্তাটি নজরে আসে। বিষয়টি জানার পর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন।

এরপর তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটিকে বিমানবন্দরের ‘আইসোলেশন বে’তে সরিয়ে নেওয়া হয়। সেখানে নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ব্যাপক তল্লাশি চালান।

তদন্তে নিরাপত্তা সংস্থাগুলো

নিরাপত্তা বাহিনীর সদস্যরা উড়োজাহাজের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। তবে তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এনডিটিভি জানিয়েছে, কে বা কারা ওই হুমকির বার্তা লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দর চত্বর ও উড়োজাহাজের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন। এর মাধ্যমে হুমকির বার্তা লেখা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন