তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম ও মানসম্মত খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে তিনটি পর্যায়ে বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সংসদে সরকারি দলের সদস্য কামরুজ্জামান কামরুলের (সুনামগঞ্জ-১) এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের অগ্রগতি
প্রতিমন্ত্রী জানান, মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ১২৫টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে।
এ ছাড়া একটি বিশেষ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৯টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।
তৃতীয় পর্যায়ে ১২১ উপজেলা
মো. আমিনুল হক জানান, প্রকল্পের তৃতীয় পর্যায়ে ১২১টি উপজেলাকে ভূমি অধিগ্রহণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, অবশিষ্ট উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম ও মানসম্মত খেলার মাঠ নির্মাণ করা হবে। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

