রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সরকারের পরিকল্পনা বাস্তবমুখী করতে সঠিক তথ্য দিতে হবে: বিভাগীয় কমিশনার

তথ্য গোপন না করে বস্তুনিষ্ঠ পরিসংখ্যান সরবরাহের আহ্বান | স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অপরাধ প্রতিরোধে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম

সরকারের বিভিন্ন উন্নয়ন ও নীতিগত পরিকল্পনাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে নিজ নিজ দপ্তরের সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেছেন, সঠিক তথ্যের ওপর ভিত্তি করেই সরকার টেকসই ও ব্যবহারিক পরিকল্পনা গ্রহণ করতে পারে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়।

নীতিনির্ধারণে নির্ভুল তথ্যের গুরুত্ব

কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাঠপর্যায় থেকে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছালে সরকারের জন্য নীতিনির্ধারণ ও কর্মসূচি গ্রহণ অনেক সহজ হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কোনো তথ্য গোপন না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে বস্তুনিষ্ঠ তথ্য পাঠাতে হবে।

বিভাগীয় কমিশনার বলেন, অপরাধের ঘটনা গোপন না করে প্রকৃত চিত্র তুলে ধরলে মূল কার্যালয় বুঝতে পারে কোন এলাকায় কী কারণে অপরাধ বেশি হচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত। ফলে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে সঠিক পরিসংখ্যানের প্রয়োজন

স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা খাতে সঠিক পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, রাজধানী ঢাকাসহ রাজশাহী ও বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার এলাকাভিত্তিক নির্ভুল চিত্র পাওয়া গেলে সরকারের পক্ষে কার্যকর স্বাস্থ্য কর্মসূচি প্রণয়ন করা সহজ হবে।

একইভাবে প্রাথমিক শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা খাতের সঠিক পরিসংখ্যান অত্যন্ত জরুরি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যার গতিপ্রকৃতি এবং পরিসংখ্যান সঠিকভাবে বিশ্লেষণ করা গেলে সরকার শিক্ষা খাতে আরও উপযুক্ত ও সময়োপযোগী পরিকল্পনা নিতে পারবে।

সংশ্লিষ্ট দপ্তর থেকেই তথ্য সংগ্রহের আহ্বান

সংশ্লিষ্ট দপ্তর থেকেই সংশ্লিষ্ট বিষয়ের সঠিক তথ্য সংগ্রহ করা যৌক্তিক বলে মন্তব্য করেন বিভাগীয় কমিশনার।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউরিয়া সারের ব্যবহারসংক্রান্ত তথ্য পুলিশের কাছ থেকে নয়, বরং কৃষি বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করা উচিত। কেননা, কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মরত জনবল রয়েছে, যারা এ বিষয়ে নির্ভুল তথ্য দিতে সক্ষম।

কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সঠিক পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণ ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় সহায়তা করার আহ্বান জানান তিনি। এ কাজে সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন বিভাগীয় কমিশনার।

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক ইমরান হোসেন প্রধান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর ২০ অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হলেও এবার সরকারি ছুটির কারণে রোববার রাজশাহীতে দিবসটি উদযাপন করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন