বুধবার, ৪ নভেম্বর ২০২৬

আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তীতে উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্ব বাড়ানোর নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

চট্টগ্রামে ৪৫তম অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী ও আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন; আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা অর্জনের নির্দেশনা

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন।

তিন দিনব্যাপী নানা আয়োজন

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে ৩ থেকে ৫ নভেম্বর তিন দিনব্যাপী আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান, গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টের গবেষণা ও নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন তিনি।

জাতীয় স্বার্থ, শৃঙ্খলা ও সেনাসদস্যদের কল্যাণে গুরুত্ব

প্রতিরক্ষা উপদেষ্টা বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন