বুধবার, ৪ নভেম্বর ২০২৬

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ ৩ খেলায় নিয়মিত আয়োজনের নির্দেশ

১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকির অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে সরকারি ও এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ

আদেশে বলা হয়েছে, ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে। এর উদ্দেশ্য হলো, প্রতিভাবান শিশু-কিশোরদের চিহ্নিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা।

মাদক ও ডিজিটাল আসক্তি মোকাবিলায় ক্রীড়ার গুরুত্ব

কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি নির্দেশনা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন