শিশুদের শৈশব থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা দলগত কাজ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা পায়। এসব গুণাবলি তাদের ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
রোববার (১ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের উদ্যোগে আয়োজিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী-২০২৬’-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করাও শিক্ষার অন্যতম লক্ষ্য। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও উৎসাহিত করতে হবে। শিশুরা যেন আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পায়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে শিশুদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের সক্ষমতা, সামাজিক দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

