সোমবার, ২ নভেম্বর ২০২৬

মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় সংসদে বিশেষ ককাস গঠন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রধান পৃষ্ঠপোষক, চেয়ারপারসন মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন।

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে মানবাধিকার ও শান্তিবিষয়ক একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ ককাসে ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ককাসের প্রধান পৃষ্ঠপোষক স্পিকার

নবগঠিত সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ককাসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন।

ককাসে রয়েছেন ১০ সংসদ সদস্য

নবগঠিত ককাসে অন্তর্ভুক্ত সংসদ সদস্যরা হলেন—মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ।

মানবাধিকার ও শান্তিবিষয়ক কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্য

সংসদীয় কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকারসংক্রান্ত বিষয়ে সমন্বয় জোরদার করার উদ্দেশ্যে বিশেষ এ ককাস গঠন করা হয়েছে।

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার ক্ষেত্রে সংসদীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ে ককাসটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন