সোমবার, ২ নভেম্বর ২০২৬

শেনজেন ভিসার বিষয়ে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের নতুন নির্দেশনা

ভিসা, আমন্ত্রণপত্র ও আপিলসংক্রান্ত বিষয়ে এখন থেকে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। একই সঙ্গে শেনজেন ভিসাসংক্রান্ত কোনো নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার এখতিয়ারও দূতাবাসটির নেই বলে জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এখন থেকে শেনজেন ভিসা এবং এ-সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য আবেদনকারী ও তাঁদের স্পনসরদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

ভিসা ও আপিলসংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেন ভিসার আবেদন, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় এবং এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য বিজ্ঞপ্তিতে একটি ওয়েব ঠিকানাও দেওয়া হয়েছে।

ভিসাসংক্রান্ত সহায়তা দেবে না দূতাবাস

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শেনজেন ভিসাসংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর ঢাকার সুইডেন দূতাবাসের হাতে নেই।

এ অবস্থায় ভিসা আবেদনকারী ও তাঁদের স্পনসরদের এ-সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য দূতাবাসের পরিবর্তে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেনজেন ভিসায় ২৯ দেশে ভ্রমণের সুযোগ

শেনজেন ভিসা ইউরোপের ২৯টি দেশে স্বল্পমেয়াদে প্রবেশ ও ভ্রমণের অনুমতি দেয়। এ ভিসার মাধ্যমে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেন অঞ্চলের দেশগুলোতে অবস্থান ও ভ্রমণ করা যায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন