সোমবার, ২ নভেম্বর ২০২৬

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু মঙ্গলবার

এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি আবেদন; বুয়েটের কারিগরি মানদণ্ড ও নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হলেই মিলবে নিবন্ধন সনদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে আবেদন ফরম বিতরণ করা হবে। নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

সোমবার (২ নভেম্বর) ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

শর্ত পূরণ করলেই মিলবে নিবন্ধন

সোমবার নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন বিধিমালা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু আবেদন ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কেবল যোগ্য যানবাহনকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।

পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিয়মের আওতায় এনে সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।

আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

নিবন্ধনের আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার পর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো—

  • জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত অনুলিপি
  • সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি ছবি
  • ফি জমার মূল রসিদ
  • নির্ধারিত ফরমে ফিটনেস সার্টিফিকেট

আবেদন ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা করতে হবে। এ জন্য কারিগরি ছাড়পত্র গ্রহণও বাধ্যতামূলক করা হয়েছে।

এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি আবেদন

একজন ব্যক্তি তাঁর একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন এবং শর্ত পূরণ সাপেক্ষে পাঁচটি ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

তবে ফরম সংগ্রহ বা জমা দেওয়ার মাধ্যমে নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত সব মানদণ্ডে উত্তীর্ণ যানবাহনকেই কেবল সনদ দেওয়া হবে।

চার জোনে ভাগ করে চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা

ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করে ই-রিকশার রুট নির্ধারণ ও সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের আলোচনা সাপেক্ষে জোনভিত্তিক এ ব্যবস্থাপনা কার্যকর করা হবে।

সিটি করপোরেশন আশা করছে, নতুন বিধিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ এলাকায় আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন