সোমবার, ২ নভেম্বর ২০২৬

শিবু মার্কেট থেকে সাইনবোর্ডমুখী মিছিল, শ্রমিকদের অবরোধ, লিংক রোডে যান চলাচল বন্ধ

তিন ঘণ্টা সড়কে শ্রমিকদের অবস্থান, তীব্র বৃষ্টির পর আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে যান চলাচল শুরু

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান নেন। এতে লিংক রোডের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকেরা শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচলে বাধা দেন। পরে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার ছোট-বড় প্রায় ২০টি কারখানার শ্রমিকেরা বিক্ষোভে যোগ দেন।

শিবু মার্কেট থেকে সাইনবোর্ডের দিকে মিছিল

প্রথমে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে অগ্রসর হন তাঁরা।

এ সময় ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে অন্য শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দেওয়ানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। কারখানা কর্তৃপক্ষ এতে আপত্তি জানালে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় পরে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।

সংবাদকর্মীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণের অভিযোগ

সড়ক অবরোধের সময় যান চলাচল ব্যাহত হলেও কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের দেখলে বিক্ষুব্ধ শ্রমিকদের আক্রমণাত্মক আচরণ করতে দেখা গেছে।

তীব্র বৃষ্টির পর সড়ক ছাড়েন শ্রমিকেরা

বেলা আড়াইটার দিকে ভুইগড় মোড়ে অবস্থান নেয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানের একপর্যায়ে তীব্র বৃষ্টি শুরু হয়। এতে উভয় পক্ষই সড়ক ছেড়ে দেয়।

বেলা ৩টার দিকে বৃষ্টি থামলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর যানবাহন চলাচল শুরু হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “৩টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করছি আধাঘণ্টার মধ্যে যানজটমুক্ত হয়ে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন