সব লাইট সেন্সরের আওতায় আনা, অপচয় রোধে বিভাগীয় ব্যবস্থা ও সাব-মিটার স্থাপনের প্রস্তাব; ডিপিডিসির মাধ্যমে ডিপিপি তৈরির সিদ্ধান্ত
জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ। এ লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি।
সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে মতামত প্রদানকারী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোলার প্যানেল স্থাপনে থ্রিডি উপস্থাপনা
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বিভিন্ন স্থানে স্বাভাবিক বায়ু চলাচল এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যুৎ অপচয় রোধে সেন্সর ও বিভাগীয় ব্যবস্থার সুপারিশ
সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ঘটনা ঘটলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সুপারিশ করা হয়।
ব্যাংক ও আবাসিক এলাকায় সাব-মিটার স্থাপনের প্রস্তাব
সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের জন্য সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
মসজিদের এসি ব্যবহারে সময় নির্ধারণ
সভায় সংসদ ভবনের মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহার নিয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়।
খেলার মাঠের বরাদ্দ যাচাই ও ডিপিপি তৈরির সিদ্ধান্ত
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তিসংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন যাঁরা
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

