ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে ৮ থেকে ১০ জন; ‘SBS’ গ্রুপের তিন সদস্য ও ‘CTG’ গ্রুপের এক অ্যাডমিন আটক
কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে একদল কিশোর-তরুণের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ‘SBS’ নামের একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্য এবং ‘CTG’ নামের একটি গ্রুপের একজন অ্যাডমিন রয়েছেন।
রোববার (১ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
পরিত্যক্ত ভবনের ছাদে অস্ত্র হাতে ভিডিও
পুলিশ জানায়, গত শনিবার (৩১ অক্টোবর) সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্র হাতে ৮ থেকে ১০ জনের একটি দলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানার একটি অভিযানিক দল ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্তের কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
নিজেদের অবস্থান জানান দিতে ভিডিও প্রকাশ
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত শুক্রবার (৩০ অক্টোবর) ভিডিওটি ধারণ করা হয়। নিজেদের অবস্থান জানান দিতেই তাঁরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটক চারজনের পরিচয়
আটক ব্যক্তিরা হলেন ‘SBS’ গ্রুপের সদস্য মো. হাবিব (১৭), ইয়াছিন আহমেদ আকাশ (১৭) ও হাবিব (১৭)। অপরজন হলেন ‘CTG’ গ্রুপের অ্যাডমিন মো. শাওন (১৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক তিন কিশোরের বর্তমান ঠিকানা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায়। তাঁদের স্থায়ী ঠিকানা নরসিংদী, হবিগঞ্জ ও কুমিল্লার লালমাই উপজেলায়।
অন্যদিকে, শাওনের স্থায়ী ঠিকানা কুমিল্লার বরুড়া উপজেলায়। বর্তমানে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এলাকায় বসবাস করেন।
ভিডিও শনাক্ত করে পুলিশের অভিযান
পুলিশ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির সূত্র ধরে সংশ্লিষ্টদের শনাক্ত করে আটক করা হয়েছে। দেশীয় অস্ত্র হাতে কিশোর-তরুণদের এমন ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

