ইলিশ শিকারের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা উঠলেও ফের সাগর ও নদীতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা।
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুদ করা দণ্ডনীয় অপরাধ। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এ আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে শাস্তি হতে পারে।
তবে জাটকা রক্ষায় এখন পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের তেমন কোন প্রচারাভিযান লক্ষ্য করা যায়নি। তবে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ। অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করবে সরকার।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, আমরা কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাটকা ইলিশ শিকার ও পরিবহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

