প্রতি পত্রের জন্য ফি ১৫০ টাকা, আবেদন করতে হবে অনলাইনে
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে আজ রোববার। আগামী ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে। এরপর কাঙ্ক্ষিত বিষয় বা পত্র নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ([https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd ) প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করার পর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্র নির্বাচন করে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতি পত্রের ফি ১৫০ টাকা
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে।
ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

