ভারতের আসামে বাঙালি মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম (রাইয়ান)-এর সঞ্চালনায় মানববন্ধনে তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘সাম্প্রদায়িক রাষ্ট্র ভারত আমাদের অসাম্প্রদায়িকতার সবক দিতে আসে। ভারতের হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে কোনো সংখ্যালঘুই নিরাপদ নয়। তাদের কাছ থেকে আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘ভারত এই অঞ্চলের নতুন ইসরাইলে পরিণত হয়েছে। তারা বর্ণবাদী নীতি ব্যবহার করে ইসরাইলি কায়দায় জাতিগত নিধন চালাচ্ছে।’ এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের তাবেদারি বন্ধ করে সীমান্তে পুশ-ইন এবং বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ঢাকা যেন বিশ্বের সব নিপীড়িত ও নির্যাতিত জাতির কণ্ঠস্বর হয়ে ওঠে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

