নাটোরে হারিয়ে যাওয়া ল্যাপটপ চার দিনের প্রচেষ্টায় উদ্ধার; দায়িত্বশীলতার স্বীকৃতিতে দুই পুলিশ কর্মকর্তা পুরস্কৃত
বাংলাদেশে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া জার্মান পর্যটকের মূল্যবান ল্যাপটপ উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পর্যটক কিরিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) হাতে উদ্ধার করা ম্যাকবুক তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার-ওয়েবার।
গত ৭ অক্টোবর তিনি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন। স্টেশনের অপেক্ষাকক্ষে নিজের ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে দেখেন, তাঁর মূল্যবান দুটি যন্ত্রই নেই।
হারানো ল্যাপটপে গত ছয় মাসের কাজের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত থাকায় বিপাকে পড়েন ওই পর্যটক। পরে তিনি নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে পুলিশের সহায়তা চান।
অভিযোগ পাওয়ার পর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে।
টানা অনুসন্ধানের পর গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে পর্যটকের হারানো ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার উদ্ধার করা ল্যাপটপ আনুষ্ঠানিকভাবে ফেরত পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিরিল ল্যান্ডার-ওয়েবার। এ সময় বাংলাদেশ ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
দুই পুলিশ কর্মকর্তাকে পুরস্কার
বিদেশি পর্যটকের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা, দ্রুত অনুসন্ধান এবং হারানো ল্যাপটপ উদ্ধারে পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আন্তরিকতা, দায়িত্ববোধ, কর্মদক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন পুলিশপ্রধান।
একই সঙ্গে দেশি-বিদেশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিং কার্যক্রম জোরদারের জন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন তিনি।
বিদেশি পর্যটকের হারানো মূল্যবান সামগ্রী উদ্ধারের এ ঘটনাকে নাগরিকসেবায় পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে পুলিশ সদর দপ্তর।

