ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজবাড়ীর হাসপাতালগুলোতে প্রতি মাসে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়া।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শেষে তিনি এ কথা জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আব্দুস সালাম মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে রেড ক্রিসেন্ট সারা দেশে কাজ করছে। এর অংশ হিসেবে রাজবাড়ী জেলার হাসপাতালগুলোর আশপাশে, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার যেসব স্থানে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পরিষ্কার করা হচ্ছে।
তিনি বলেন, জেলার পাঁচটি উপজেলার হাসপাতালগুলোতে রেড ক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাসপাতালের বাইরের যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে থাকে এবং এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা থাকে, সেগুলো পরিষ্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রেড ক্রিসেন্টের এ উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কোনো নির্দেশনা থাকুক বা না থাকুক, প্রতি মাসে একবার করে হাসপাতালগুলোর ড্রেন পরিষ্কার রাখার চেষ্টা করা হবে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট মো. নজরুল ইসলামসহ যুব ইউনিটের সদস্যরা অংশ নেন।

