রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের পাশে ফজলুল করীম (রহ.) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার পার্শ্ববর্তী পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। নবজাতকের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

