অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

কুরামাতোরস্কে রুশ হামলায় নিহত অন্তত ৩০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কুরামাতোরস্কে রুশ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়।

কুরামাতোরস্ক ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর এবং দীর্ঘদিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। সাম্প্রতিক সময়ে শহরটিতে রুশ হামলার আশঙ্কা আরও বেড়েছে।

এই হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন যথেষ্ট সক্রিয় নয়।

কুরামাতোরস্কে হামলার আগের দিনও ইউক্রেনের বিভিন্ন এলাকায় বড় ধরনের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় অন্তত ৩২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলীয় প্রিলুকি শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন শিশু।

কিয়েভসহ আরও কয়েকটি শহরেও হামলা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে হামলার কারণে বিভিন্ন এলাকায় অবকাঠামো ও আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া বলছে, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক ও শিল্প-সংশ্লিষ্ট স্থাপনা। অন্যদিকে ইউক্রেনের অভিযোগ, রুশ বাহিনী নিয়মিতভাবে বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: রয়টার্স।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন