নাটোর সদর উপজেলায় ভিডিপি দলনেত্রীর সততা ও দায়িত্বশীলতায় চুরি যাওয়া প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নাটোর জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যথাযথ যাচাই-বাছাই শেষে এসব মালামাল ভুক্তভোগী মো. আলহাজ সরদারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) নাটোর সদর মাদ্রাসা মোড় সংলগ্ন একটি বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় দুর্বৃত্তরা একটি হাতব্যাগ ফেলে যায়। ব্যাগটি নাটোর সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিডিপি দলনেত্রী মোছা. রুবিনা খাতুনের বাসার ছাদে পড়ে।
পরদিন বৃহস্পতিবার ভোরে ব্যাগটি কুড়িয়ে পান রুবিনা খাতুন। পরে ব্যাগ খুলে তিনি স্বর্ণের গয়না, ফাঁকা চেকবই ও একটি ঘড়িসহ বিভিন্ন সামগ্রী দেখতে পান।
বিষয়টি জানার পর তিনি ব্যাগটি নিজের কাছে না রেখে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দেন। সকালে পূজার ডিউটি বাছাই কার্যক্রমে এসে তিনি ঘটনাটি সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলী এবং স্থানীয় মনিটরিং মাঠকর্মীকে জানান।
পরে তাদের সহযোগিতায় ব্যাগে থাকা নম্বরের সূত্র ধরে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে চুরি যাওয়া মালামাল আলহাজ সরদারের কাছে হস্তান্তর করা হয়।
হারানো স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলহাজ সরদার।
আনসার-ভিডিপি কর্তৃপক্ষ জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে সদস্যদের সততা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার এমন দৃষ্টান্ত বাহিনীর প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে ভূমিকা রাখে।

